মহামারী করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি৷

শুক্রবার (১২ মার্চ) বিকেলে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “আমরা প্রতিদিনই করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি৷ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্যের বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বিবেচনার৷”

তিনি বলেন, “করোনাভাইরাসের ঊর্ধ্বগতি থাকলে জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।”

শিক্ষামন্ত্রী বলেন, “তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীকাল শনিবার (১৩ মার্চ) এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানে পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”

মহামারীর করোনাভাইরাস (কোভিড-১৯) শুরুতে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর আগামী ৩০ মার্চ স্কুল ও কলেজ খোলার তারিখ ঠিক করেছে সরকার।

গত ২৭ ফেব্রুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর শিক্ষামন্ত্রীই ওই তারিখ সাংবাদিকদের জানিয়েছিলেন।

আর রোজার ঈদের পর ২৪ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত জানানো হয় তার আগেই।

এমবি