ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি নুরুল হক নূর বলেছেন, পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের পদত্যাগসহ ছাত্রদের সব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন করা হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের ছাত্রত্ব বাতিলের দাবিতে ঢাবির ব্যবসায় অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে সাংবাদিকদের এইসব কথা বলেন ডাকসু ভিপি নূর।

পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিলসহ ৩ দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ(বুধবার) দুপুর ১২ টার দিকে ব্যবসায় অনুষদের ডিন শিবলী রুবাইতুল ইসলামের কার্যালয় ঘেরাও করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বামপন্থী ছাত্র সংগঠন ও স্বতন্ত্র জোট।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।  এই ঘটনায় আসিফ নামে এক আন্দোলনকারী আহত হন। পরে শিক্ষকরা এসে পরিস্থিতি শান্ত করেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এই ঘটনা ঘটে।

এমবি