ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ, এবং এজিএস পদে একই প্যানেলের এস. এম. সালমান সাব্বির।
জিএস পদে নির্বাচিত হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাত থেকে ধাপে ধাপে ১৭টি হলের ফলাফল ঘোষণা করা হয়।
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম” প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট, যেখানে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। উভয়েই পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত এস. এম. সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন। মোট ২৮ হাজার ৯০৯ জন ভোটারের মধ্যে ২০ হাজার ১৮৭ জন ভোট দেন, যা গড়ে ৬৯.৮৩ শতাংশ ভোটার উপস্থিতি।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এই নির্বাচন। এবারে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন—এর মধ্যে রাকসুর বিভিন্ন পদে ২৪৮ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হল সংসদে ৫৯৭ জন প্রার্থী অংশ নেন।
এনএইচ