প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রাজনৈতিক উপদেষ্ঠা এইচ টি ইমাম কর্তৃক সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতা কর্মীদের বিসিএস ও অন্যান্য সরকারী চাকুরীতে বিশেষ সুবিধা দেয়ার ঘোষণার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা।

মানববন্ধনে ছাত্ররা অভিযোগ করে বলেন, জ্ঞান লাভের পর দেশের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। এর জন্য উত্তম পন্থা হলো সরকারী চাকুরীতে যোগদান করা যেটি ছাত্রছাত্রীদের একটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার।

কিন্তু মৌলিক এ অধিকার থেকে সরকার আজ আমাদেরকে নানাভাবে বঞ্চিত করছে। সরকারের এ বঞ্চনার একদিকে কোটা পদ্ধতি অন্যদিকে দলীয়করণ দেশের মেধাবী তরুণদের জন্য বিষফোঁড়ায় পরিণত হয়েছে।

দেশের শত হাজার ছাত্রদেও পড়ালেখা শেষ করে এখন বেকারত্বের চরম অভিশাপে জর্জরিত। এ অবস্থায় সরকারের গুরুত্বপূর্ণ পদে এইচ টি ইমাম ছাত্রলীগের নেতাকর্মীদের বিসিএস সহ অন্যান্য সরকারী চাকুরীতে বিশেষ সুবিধা দেয়ার ঘোষনা দেশের সকলের হৃদয়ে গভীর বেদনার সঞ্চার করেছে।

ছাত্রছাত্রীরা সরকারের এহেন জঘণ্য অপকর্ম থেকে সরে আসার জোর দাবী জানিয়ে সরকারী চাকুরীতে বর্তমানে বিদ্যমান সব ধরণের কোটা বাতিল,দলীয় পরিচয়ে বিশেষ সুবিধা না দিয়ে বরং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

চট্টগ্রাম কলেজ ও সরকারী হাজী মুহম্মদ মহসিন কলেজের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজে পড়ুয়া সামি আল মামুন, ইমাম হোসেন,ত্রিপর্ণা মজুমদার,তানজিনা সুলতানা,মো.মোর্শারফ,মহসিন কলেজের সাইফুল্লাহ খালেদ, শাহিন আকতার,তারেকুল ইসলাম,রুবিনা আকতার,রাহাত আলী প্রমুখ।

মানববন্ধনে ছাত্রছাত্রীরা এইচ টি ইমাম’র পদত্যাগ দাবী করে সরকারী চাকুরীতে সব ধরণের কোটা পদ্ধতি বাতিল ও রাজনৈতিক পরিচয়ে চাকুরী দেয়ার প্রতিবাদে সম্বলিত বিভিন্ন পেস্টুন,প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

এসএইচ