রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ই-ইউনিটে উত্তীর্ণ ভর্তিচ্ছু বিজোড় রোল নম্বরধারীদের ভাইভা আগামীকাল ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো: আনসার উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান হয়।
ক্যাম্পাস বন্ধের ভিতর ভর্তি পরীক্ষার ভাইভা অনুষ্ঠিত হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু অসংখ্য শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজোড় রোল নম্বরধারীদের মেধাক্রম অনুযায়ি সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে সামাজিক বিজ্ঞান অনুষদের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। একই স্থানে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় ই-ইউনিটের ভর্তিচ্ছু জোড় রোল নম্বরধারীদের ভাইভা অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছু জোড়-বিজোড় রোল নম্বরধারী সকল পরীক্ষার্থীদের ভাইভা প্রদানের সময় এসএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্রের মূল কপি, এইচএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্রের মূল কপি এবং ভর্তি পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার রেজিষ্টেশন কার্ডের ফটোকপি দিয়ে তৈরি প্রবেশপত্র।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ই-ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের এবং সকাল সোয়া ১০টা থেকে ই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
[b]রাবি,এমএইচ,১২ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]