বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শে নিজস্ব আয় বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার বিভিন্ন ফি দ্বিগুণ থেকে পাঁচগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২৩-২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৫০তম সিন্ডিকেট সভায় এই বর্ধিত ফি বৃদ্ধির বিষয়টি অনুমোদন করা হয়।
এ বছরের জানুয়ারি থেকে এই বর্ধিত ফি কার্যকর করা হয়েছে। এভাবে ফি বৃদ্ধি করায় দরিদ্র শিক্ষার্থীরা চরম বেকায়দায় পড়েছেন। এতে মধ্য ও নিন্মবিত্ত পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার সুযোগ সঙ্কুচিত হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই ফি বৃদ্ধি করা হয়েছে। তবে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো বলছে, রাকসুর মাধ্যমে নির্বাচিত ছাত্র প্রতিনিধিত্ব না থাকায় সিন্ডিকেট এ ধরনের অবৈধ সিদ্ধান্ত নেয়ার সুযোগ পাচ্ছে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সম্মান শ্রেণীতে তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষার ফি ৫০ থেকে বাড়িয়ে ১০০ টাকা, তিন ঘণ্টার বেশি সময়ের পরীক্ষার ফি ৬০ থেকে ১২৫ টাকা করা হয়েছে।
স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণীতে ৬০ টাকার পরীক্ষার ফি বাড়িয়ে করা হয়েছে ১২৫ টাকা। বিভিন্ন বিভাগে কোর্স উন্নয়ন ফি ১০০ থেকে পাঁচগুণ বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।
ননকলেজিয়েট (প্রয়োজনীয়সংখ্যক ক্লাসে উপস্থিতি কম থাকলে) ফি ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং মাস্টার্সে তত্ত্বীয় পরীক্ষার ফি ২০০ বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।
এছাড়া সনদপত্র তোলার ফিও সর্বনিন্ম দ্বিগুণ থেকে পাঁচগুণ পর্যন্ত করা হয়েছে। সাধারণভাবে সাময়িক সনদপত্র উত্তোলনের ফি ১০০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। জরুরি ভিত্তিতে এই সনদপত্র তোলার ফি ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। মূল সনদপত্র ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা, জরুরি নম্বরপত্রের জন্য ২২৫ টাকার ফি ৬০০ টাকা, সাবসিডিয়ারি মার্কস সার্টিফিকেট ফি ১৫০ থেকে বাড়িয়ে ৫০০, ডুপ্লিকেট মার্কস সার্টিফিকেট ৩০০ থেকে ১ হাজার টাকা, ডুপ্লিকেট প্রবেশপত্র ৫০থেকে ২০০ টাকা, নাম সংশোধনী ফি ২৫০ থেকে ৫০০ টাকা করাসহ প্রায় সব খাতে কয়েকগুণ করে ফি বৃদ্ধি করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার ফি বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসা অনুষদে এমবিবিএস, বিডিএস পরীক্ষার ফি প্রতি বিষয় এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা করা হয়েছে। স্নাতকোত্তর এমএস, এমডি, এফফিল পরীক্ষার ফি ২ হাজার থেকে পাঁচ হাজার টাকা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ বলেন, সনদপত্র উত্তোলন ও পরীক্ষার ফি কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে। সরকারের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নির্দেশনায় এসব ফি বৃদ্ধি করা হয়েছে।
তবে তিনি দাবি করেন, এসব ফি বৃদ্ধির প্রভাব সাধারণ শিক্ষার্থীদের ওপর পড়বে না। সাধারণ শিক্ষার্থীদের যেসব ফি নিয়মিত দিতে হয় সেগুলো কম করে বাড়ানো হয়েছে। জরুরি ভিত্তিতে যেসব সনদপত্র উত্তোলন করা হয় সেখানে কিছুটা বেশি বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, সব কিছুরই তো ব্যয় বাড়ছে। বিভিন্ন খাতে খরচ বাড়ছে তাই কিছু খাতে ফি বৃদ্ধি করা হয়েছে। কিছুটা ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নির্দেশনা এবং আমাদের প্রয়োজনের কথা বিবেচনা করে অভ্যন্তরীণ ব্যয় সংকুলানের জন্য এসব ফি বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষা
রাবির ফি বেড়েছে পাঁচগুণ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শে নিজস্ব আয় বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার বিভিন্ন ফি দ্বিগুণ থেকে পাঁচগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২৩-২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৫০তম সিন্ডিকেট সভায় এই বর্ধিত ফি বৃদ্ধির বিষয়টি অনুমোদন করা হয়।





