ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন আজ। এতে ১৭ হাজার ৮৭৫ জন গ্র্যাজুয়েট অংশ নেবেন। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে সমাবর্তনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে সমাবর্তন মহড়া। সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এবারের সমাবর্তনে ৯৪টি স্বর্ণপদকের জন্য ৮০ জন পদকপ্রাপ্ত, ৬১ জন পিএইচডি ডিগ্রিধারী, ৪৩ জন এমফিল ডিগ্রিধারী এবং ১৭ হাজার ৮৭৫ গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন। বেলা ১১টা ২৫ মিনিটে চ্যান্সেলরের শোভাযাত্রার মাধ্যমে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

দুপুর ১টায় চ্যান্সেলরের প্রস্থানের মাধ্যমে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শেষ হবে। সমাবর্তন অনুষ্ঠানে মোবাইল ফোন, হাতব্যাগ, ক্যামেরা, পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও-এর প্রেসিডেন্ট এবং ভিসি অধ্যাপক অমিত চাকমা। সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।

জেড