জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যানকে মারধরের ঘটনায় জড়িত জাবি শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মামুন খানকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ বদরুল আলম। তবে কোন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে তা জানা সম্ভব হয়নি।
পরীক্ষায় অংশগ্রহণে অযোগ্য হওয়ায় পরীক্ষা দেয়ার অনুমতি না পেয়ে গত ২৩ জানুয়ারি মামুন তার বিভাগের চেয়ারম্যান গোলাম মইনুদ্দিনকে মারধর করে। তিনি বিভাগের ৩৫ তম ব্যাচের (মাস্টার্স ২য় সেমিস্টার) ছাত্র।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক ডিসিপ্লিনারি বোর্ডের সভায় তাকে আজীবন বহিষ্কারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে একটি মামলাও করে।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]