জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোক র্যালি,আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ এসব কর্মসূচি পালন করে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্লাব মমতাজ ভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন শিক্ষক ও কর্মকর্তারা।
অপরদিকে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে হল শাখা ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের আহবায়ক শামীম হোসেন খান, যুগ্ম-আহবায়ক আবুজার গিফারী গাফফার ও সজিবুল ইসলাম সজিব প্রমুখ।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজনে ‘বঙ্গবন্ধু ও বিশ্ব শান্তি’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারি।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বাদ জুমা গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





