ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদের ৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক সম্মান ও স্নতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ডিন্স এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ঢাবির ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডিন্স এ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
তিনি বলেন,প্রত্যেক মানুষের মাঝে ভালো কিছু করার অপার সম্ভাবনা রয়েছে। শিক্ষা মানুষের এই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিতে পারে। তিনি এই সম্ভাবনার যথাযথ ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ দেশ ও আলোকিত সমাজ গঠনে কাজ করার জন্য শিক্ষিত সমাজ ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
৩টি ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগের মোট ৮৬ জন শিক্ষার্থী ডিনস্ এ্যাওয়ার্ড লাভ করেন। এর মধ্যে রয়েছে বাংলা বিভাগের ৩ জন,ইংরেজি বিভাগের ৪ জন,আরবী বিভাগের ১৩ জন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৫ জন,উর্দু বিভাগের ৫ জন,সংস্কৃত বিভাগের ৪ জন,পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ১ জন,ইতিহাস বিভাগের ৭ জন,দর্শন বিভাগের ৭ জন,ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ জন,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৯ জন,তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ৪ জন,থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২ জন, সংগীত বিভাগের ৫ জন,ভাষাবিজ্ঞান বিভাগের ৪ জন এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ৪ জন শিক্ষার্থী।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ,প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন,কলা অনুষদের প্রাক্তন ডিন এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী,অধ্যাপক ড. কে এম মোহসীন,অধ্যাপক ড. আমিনুল ইসলাম ও অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌফিকুল হায়দার বক্তৃতা করেন।
এসময় বিভিন্ন অনুষদের ডিন,সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]