চট্টগ্রামের ষোলশহরের ফরেস্ট গেট এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন থামিয়ে চালককে(লোকো মাস্টার) তুলে নিয়ে গেছে ছাত্রলীগের একাংশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট আহ্বান করা ছাত্রলীগের একাংশ এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।
বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফলে চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। তবে কারা এ কাজটি করেছে তা বলতে পারছে না রেল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে,চট্টগ্রাম নগরীর ষোল শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী সকাল সাড়ে ৭টার শাটল ট্রেন ছাড়ার আগ মুহূর্তে ১০/১৫ জন যুবক এসে ট্রেন চালক মো. ইউসুফকে তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা চালককে ষোলশহর ফরেস্ট এলাকার দিকে নিয়ে যায় বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে এ বিষয়ে কিছু জানা সম্ভব না হলেও সবাই ধারণা করছে চবি ছাত্রলীগের অবাঞ্ছিত সহ-সভাপতি অমিত কুমার বসু ও তার অনুসারীরা এ কাজ করতে পারে। কারণ,গত সপ্তায় সংবাদ সম্মেলন করে এমনি একটা হুঁশিয়ারি জানিয়েছিল তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির হায়দার বাবুলকে লাঞ্ছিত করার প্রতিবাদে ধর্মঘট আহ্বান করে ছাত্রলীগ। সম্প্রতি ছাত্রলীগের অপর একটি অংশ বাবুলকে লাঞ্ছিত করে। এ ধর্মঘটের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহমেদ ট্রেনচালককে তুলে নিয়ে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

[b]ঢাকা,৭ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]