চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থি শিক্ষকদের ‘হলুদ দল’ নিরঙ্কুশ বিজয়লাভ করেছে। ১১টি পদের সবকয়টিতে হেরেছে স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত বিএনপি-জামায়াতপন্থি সাদা দল।

শনিবার রাত সোয়া ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ চলে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠুভাবে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ৮৬৬ জন ভোটারের মধ্যে ৭২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সব কয়টি পদে হলুদ দলের প্রার্থীরা জয়লাভ করেছে।

নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, হলুদ দল থেকে মাইক্রোবায়োলোজি বিভাগের অধ্যাপক আবুল মনছুর ৪৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সাদা দলের প্রার্থী মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. শওকতুল মেহের পেয়েছেন ২৪৫ ভোট।

হলুদ দলের প্রার্থী লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী ৪৬৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সাদা দলের প্রার্থী অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাইফুল ইসলাম পেয়েছেন ২১৫ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে হলুদ দলের প্রার্থী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শ্যামল রঞ্জন চক্রবর্তী পেয়েছেন ৪২৪ ভোট ও সাদা দলের প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক মো. আব্দুল মান্নান পেয়েছেন ২৭০ ভোট, যুগ্ম-সম্পাদক পদে হলুদ দলের ইন্সিটিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিসারিজ বিভাগের সহকারি অধ্যাপক অহিদুল আলম পেয়েছেন ৪০৩ ভোট ও

সাদা দলের প্রার্থী নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া রেহানা পেয়েছেন ২৭৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে হলুদ দলের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হানিফ সিদ্দিকী পেয়েছেন ৪৪০ ভোট ও সাদা দলের প্রার্থী ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিসারিজ বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম পেয়েছেন ২৪৬ ভোট।

এআর