সাংগঠনিক লিফলেট বিতরণ করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের কয়েকজন নেতাকর্মীকে মারধর করেছে ছাত্রলীগ। শুধু তাই নয় ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রবীর সাহা।
মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। হামলার ছাত্র ফেডারেশনের কয়েক আহত হয়েছেন।
আহতরা হলেন, ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কাকন বিশ্বাস ও ফেডারেশন কর্মী লিওয়েন অভি।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত মল্লিক জানান, ‘আগামী ২৩ তারিখ আমাদের তিস্তা নিয়ে একটি কনভেনশন আছে। আমরা এর প্রচারপত্র বিলি করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন প্রথমে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। প্রতিবাদ করায়, তারা আমাদের নেতা-কর্মীদের মারধর করে।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রবীর সাহার সঙ্গেও ছাত্রলীগ নেতা-কর্মীরা দুর্ব্যবহার করে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ঢাবি ক্যাম্পাসে মিছিল করেছে ফেডারেশনের নেতা-কর্মীরা।
এছাড়া আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ ঘটনার প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। তবে এঘটনায় ঢাবি শাখা ছাত্রলীগের কোনো নেতার বক্তব্য পাওয়া যায় নি।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]