রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ছিনতাইয়ের সময় সুমন নামের একজনকে আটক করেছে পুলিশ।


শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মতিহার থানা পুলিশ তাকে আটক করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন গাছে জাম পাড়তে আসে কাজলা এলাকার টিপু সুলতান ও মাহমুদ নামের দুই কিশোর। এসময় রাম দা দেখিয়ে টিপু সুলতান ও মাহমুদের কাছে থাকা দুই ছিনতাইকারী মোবাইল ও মানিব্যাগ নিয়ে অটোরিকশায় করে পালানোর সময় মেইন গেটে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সুমনকে আটক করে। তবে সোহেল নামের অপর ছিনতাইকারী মোবাইল নিয়ে পালিয়ে যায়।


মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ক্যাম্পাস থেকে ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই