ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে জন্মানো আগাছা পরিষ্কার করা হয় ও মশক নিধন স্প্রে প্রয়োগ করা হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের আয়োজনে দেশরত্ন শেখ হাসিনা আবাসিক হলের সামনে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসাইন ভুঁইয়া, পরিবহন প্রশাসক ও শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, বিশ্ববিদ্যালয় সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমান ও শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ।
এছাড়াও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, দেশরত্নশেখ হাসিনা হলের পভোস্ট অধ্যাপক ড. সেলিনা নাসরিন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ইবি উপাচার্য বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো ডেঙ্গুর কোনো প্রভাব দেখা যায়নি। আমরা আগে থেকেই ডেঙ্গু প্রতিরোধের জন্য এই মশা নিধন কর্মসূচী পালন করছি। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট ঘোষণা করা হলো। শিক্ষার্থীরা যদি এই কর্মসূচীতে সহযোগিতা করে প্রতিদিন চলার পথে একটি করে আবর্জনা কুড়িয়ে ডাস্টবিনে ফেলে তাহলে ক্যাম্পাস পরিচ্ছন্ন হতে সময় লাগবে না।”
মুনজুরুল/এমবি





