নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অব এডুকেশনাল এডমিনিস্ট্রেশন এর অধ্যাপক ড. এম অহিদুজ্জামান।

বুধবার বিকালে নোবিপ্রবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩১ মে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) এবং (২) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেন।

ঢাকায় নোবিপ্রবি’র শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ নতুন উপাচার্যর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন উপাচার্য। এসময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী অধ্যাপক ড. জিনাত হুদা অহিদ, আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার কয়েকজন সহকর্মী, নোবিপ্রবি’র ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড. মুহাম্মদ ইউসুফ মিঞা, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট মো: রফিকুল ইসলাম, প্রক্টর ও নোবিপ্রবি’র শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. মোহাম্মদ সেলিম হোসেন, শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মুশফিকুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব মো: তৌহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আগামী ৭ জুন ২০১৫ রোববার নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবেন বলে আশা করা হচ্ছে।

জেডআই