ফেসবুকে দুই নেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিপাকে পড়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ। অথচ ফেসবুকই ব্যবহার করেন না এ অভিনেতা।

মাহফুজ আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করা হচ্ছে। এতে বেশ বিড়ম্বনায় পড়েছেন তিনি। ভক্তরা মাহফুজের মন্তব্য মনে করে সেখানে লাইক, কমেন্ট এবং শেয়ার করছেন।

সম্প্রতি দেশের প্রধান দুই নেত্রীকে উদ্দেশ্য করে মাহফুজ আহমেদের নামের ভুয়া ফেসবুক আইডি থেকে আপত্তিকর মন্তব্য করা হয়। এতে বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এ অভিনেতাকে।

এ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘আমি জানি না কারা এই কাজগুলো করছে। তবে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই ভুয়া ফেসবুক আইডিগুলো বন্ধ করা হোক।’

মাহফুজ আরেও বলেন, ‘বিটিআরসির মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব আমার নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধের ব্যবস্থা করা হোক।’

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই