বলিউড তারকাদের নিয়ে চলচ্চিত্রপ্রেমী দর্শকের আগ্রহের কোনো কমতি নেই। ভক্তরা তাদের প্রিয় তারকা সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই জানার চেষ্টা করেন। মূলত অভিনয়ের কল্যাণেই ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী আসন গাড়ছেন বলিউডের তারকারা। তবে অভিনয়ের বাইরেও তারা এমন কিছু প্রতিভার অধিকারী, যা খুব কম মানুষেরই জানা আছে। সমপ্রতি বলিউডের প্রথম সারির ৭ তারকার এমন সব প্রতিভার কথা নিয়ে এ প্রতিবেদন।
আঁকিয়ে শ্রীদেবী
ছবি আঁকায় বেশ পটু নায়িকা শ্রীদেবী। ২০১০ সালে তার আঁকা ‘থটস’শিরোনামের চিত্রকর্ম নিলামে তুলতে চেয়েছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পকর্ম নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স অ্যাকশন। এছাড়া ‘দশ কা দম’টিভি অনুষ্ঠানে নিজের আঁকাঁ কয়েকটি ছবি নিয়ে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন এক সময়ের পর্দা কাঁপানো এ তারকা অভিনেত্রী।
দক্ষ মিমিক বিদ্যা বালান
বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান নিজের অসাধারণ অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন তার অভিনীত সব ছবিতেই। ২০১২ সালে ‘দ্য ডার্টি পিকচার’ছবিতে সুনিপুণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ঝুলিতে ভরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে অনেকই হয়তো জানেন না, মানুষের নকল করে দেখাতে বা মিমিক করতে ওস্তাদ বিদ্যা। হিন্দি চলচ্চিত্রের প্রায় সব জনপ্রিয় তারকার হুবহু নকল করতে পারেন তিনি। একবার একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলিউডের প্রবীণ একজন অভিনেতাকে মিমিক করে দেখিয়ে এই অজানা প্রতিভার জানান দিয়েছিলেন বিদ্যা বালান।
দক্ষ সাঁতারু, তুখোড় অশ্বারোহী, নিপুণ আঁকিয়ে সালমান
বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা সালমান খান অভিনয়ের বাইরেও ৩টি কাজে দারুণ পারদর্শী। ঘোড়া চালানোয় খুব দক্ষ এ অভিনেতা। পাশাপাশি প্রতিভাবান একজন সাঁতারু তিনি। স্কুল জীবনে সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এমনকি সাঁতারু হিসেবে দেশের বাইরে ভারতের প্রতিনিধিত্ব করারও সুযোগ এসেছিল তার। এছাড়া সালমানের ছবি আঁকার হাতও বেশ ভাল। বিয়িং হিউম্যান নামের দাতব্য প্রতিষ্ঠানের ব্যানারে আঁকা ছবির এক প্রদর্শনীর আয়োজন করেছিলেন সালমান। নিজের আঁকা ছবি তিনি দেখিয়েছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনকে। সালমানের আঁকা ছবির প্রশংসা করেছিলেন ফিদা হুসেনের মতো গুণী শিল্পী। ছবির শুটিংয়ের পর অবসর পেলেই রং-তুলি নিয়ে বসে পড়েন সালমান। একবার টিভিতে ‘দশ কা দম’অনুষ্ঠানে রণবীর কাপুরকে নিজের আঁকা একটি ছবি উপহার দেন তিনি। উপহারের মোড়ক খুলতেই অবাক রণবীর, ছবিটি যে তার দাদু রাজ কাপুরের!
শেফ অক্ষয় কুমার ফটোগ্রাফি আর মার্শাল আর্টেও দারুণ দক্ষ
বলিউডে যাত্রা শুরুর আগে মার্শাল আর্টের প্রশিক্ষক ছিলেন ‘খিলাড়ি’তারকা অক্ষয় কুমার। শুধু তাই নয়, রান্নায়ও দারুণ পারদর্শী এ তারকা অভিনেতা। বিস্ময়কর তথ্য হলো, তিনি একটা সময়ে হোটেলের শেফ বা বাবুর্চি ছিলেন। সে পরিচয়ে আমাদের দেশেও কাজ করে গেছেন। পাশাপাশি ফটোগ্রাফিতেও দারুণ আগ্রহ রয়েছে অক্ষয়ের।
গিটার বাদক সাইফ আলী খান
অভিনয়ের দারুণ ব্যস্ততার মাঝেও পতৌদির নবাব হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফ আলী খান। অভিনয়ের পাশাপাশি চমৎকার গিটার বাজাতে পারেন এ তারকা অভিনেতা। তার এ গুণের কথা কম-বেশি অনেকেই জানেন। এখন পর্যন্ত বহু কনসার্টে গিটারে ঝংকার তুলতে দেখা গেছে তাকে।
গীতিকার-লেখক-গায়ক ফারহান আখতার
এরই মধ্যে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন শাবানা আজমি ও জাভেদ আখতারের যোগ্য সন্তান ফারহান আখতার। কেবল নির্মাতা হিসেবেই নিজেকে প্রমাণ করেননি, কয়েকটি ছবিতে সাবলীল অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন ফারহান। বাবার মতো লেখালেখির গুণটাও পেয়েছেন তিনি। ছবির চিত্রনাট্য লেখার পাশাপাশি লিখেছেন গান। শুধু তাই নয়, গান গাইতেও পারদর্শী ফারহান।
রাঁধুনি কঙ্গনা
অক্ষয় কুমারের মতো ‘গ্যাংস্টার’খ্যাত বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতও রান্নায় দারুণ পারদর্শী। সমপ্রতি মুক্তি পাওয়া ‘কুইন’ছবির শুটিংয়ের কাজে ছবির দলের সদস্যদের সঙ্গে এক মাসেরও বেশি সময় প্যারিসে থাকতে হয়েছিল কঙ্গনাকে। ভারতীয় খাবার না পেয়ে পিজা আর পাস্তা খেতে খেতে সবাই বেশ হাঁপিয়ে উঠেছিলেন। তখন কঙ্গনা রান্নায় তার কারিশমা দেখিয়ে সবাইকে হতবাক করে দেন। ছবির দলের সবাইকে সুস্বাদু ভারতীয় খাবার রান্না করে খাওয়ান তিনি।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





