অনেকগুলো ঝাড়বাতি ঝুলছে। সোমবার সন্ধ্যায় আলো আঁধারীঘেরা ২ নম্বর ফ্লোর। রাজনীতি শুরু হবে। শাকিব খানের সঙ্গে নায়িকার ভাই আনিসুর রহমান মিলনের চলচ্চিত্র ‘রাজনীতি’। পিয়া বিপাশা বাদ, অপু বিশ্বাসের সংযুক্তির চলচ্চিত্র ‘রাজনীতি’।

ছবিতে শাকিব খানের মা সাবেরী আলম। স্নিগ্ধ মায়ের সাজে বসে আছেন তিনি। পাশে ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক উত্তম গুহ। তরুণ পরিচালক বুলবুল বিশ্বাসও আত্মবিশ্বাসী ভঙ্গিতে বসে আছেন।

সেট নির্মাণের কাজ চলছে। অ্যাকোরিয়ামে ঢালা হচ্ছে পানি। ঢাকা থিয়েটারের এক সময়ের গুণী অভিনেত্রী ও টেলিভিশন নাটকের পরিচিত মুখ সাবেরী আলমের কথোপকথনে নান্দনিকতাবোধ স্পষ্ট। পরিচালক বুলবুল বিশ্বাসকেও নবাগত মনে হচ্ছিল না। দুজনই উত্তম গুহের বর্ণাঢ্য ক্যারিয়ারের শিল্প নির্দেশনার গল্প মনোযোগ দিয়ে শুনছেন। পর্যবেক্ষক দেখে যান, শুনে যান। কথা হয়না। সব মুহূর্তে কথা বলতেও হয়না।

৪ নম্বর ফ্লোরের বড় লোহার গেটটি আটকানো। কিন্তু ভেতর থেকে গানের আওয়াজ আসছে। চটুল সুরের গান। লোহার দরজার ফাঁক দিয়ে অনেক কৌতূহলী চোখ কিছু একটা দেখছে। ভেতরে পুরো ফ্লোর যেন মদ্যপদের আখড়া। আসল নয় নকল মদ্যপ। ছবির সেট ভালো। কিন্তু সবার চোখ অন্যদিকে। নায়লা নাঈম।

স্বল্পবসনা বললে ভুল বলা হবে। প্রায় নগ্ন। ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রের শুটিং চলছে। বাণিজ্য নিশ্চিত করার বাজার চলতি ধারায় সওয়ার হয়েছেন পরিচালক হাবিবুর রহমান। হওয়াটাই স্বাভাবিক। চলছে আইটেম গানের শুটিং। এ চলচ্চিত্রে অভিনয় করছেন মৌসুমী, আনিসুর রহমান মিলন, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

দুটি ফ্লোরে দুই নতুন সিনেমা নির্মাতার চলচ্চিত্রের শুটিং। অথচ কত পার্থক্য!

এমএ