পুত্র ফারদীনের অনুপস্থিতিতে বিষণ্ন সানীর মন। গতকাল রাতের ফ্লাইটে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে পারি জমিয়েছেন মা মৌসুমী।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফিল্ম কানেকশন ফিল্ম ইনস্টিটিউটে তিন বছর মেয়াদি ব্যাচেলর কোর্সে ভর্তি হয়েছেন সানী-মৌসুমী পুত্র ফারদীন।

ফারদীনের ইচ্ছে চলচ্চিত্র নির্মাতা হওয়ার। ছেলের ইচ্ছের সঙ্গে যোগ হয়েছে বাবা সানী ও মা মৌসুমীর ইচ্ছেও। তাই সব মিলিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

গতকাল ফারদীনকে বিদায় জানাতে সানীর বাসায় এসেছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারসহ সানীর কাছের আত্মীয় স্বজন। এ সময়ের দুটি স্থিরচিত্র সানী তার সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন।

ক্যাপশনে তিনি লিখেন- 'যেতে দিতে মন চায় না, তারপরও যেতে দিতে হয়। অনেকেই আসছিলেন ফারদীনকে দোয়া করার জন্য। যাওয়ার আগে সবার সঙ্গে আমার এই ছবি। আমার আর মৌসুমীর ভক্ত এবং সব মানুষ আমাদের ছেলের জন্য দোয়া করবেন।'

স্ত্রী মৌসুমী, ছেলে ফারদীন ও মেয়ে ফাইজাকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর সংসার। ছেলেকে বিদায়ের আগে থেকেই ভীষণ মন খারপ সানীর। আর বিদায়বেলায় মন খারাপের মেঘ যেন আরো বেশি জমেছিল সানীর মনের আকাশে।

ফারদীন ঢাকার একটি স্কুল থেকে ও লেভেল সম্পন্ন করেছে। পড়াশোনার পাশাপাশি ফারদীন নাটক টেলিফিল্মও নির্মাণ করেছেন। তার পরিচালনায় অভিনয়ও করেছেন মৌসুমী।

 

এমআইএস।