এক মাসেরও বেশি সময় পর কলকাতা থেকে মঙ্গলবার ঢাকায় ফিরেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কলকাতায় যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’-তে টানা সময় দিতে হয়েছে তাকে।
ছবিটিতে কাজের প্রসঙ্গে সাকিব বলেন, কলকাতার চমৎকার কিছু জায়গায় এ ছবির কাজ হয়েছে। আমার বিপরীতে ওপারের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী বেশ ভালো কাজ করেছেন। মাঝে শুটিং নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও তার সমাধান হয়েছে। এবারের ঈদে ছবিটি মুক্তি পাবে।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় এ ছবিটি সবাই পছন্দ করবে বলে আশা করছেন শাকিব।
এদিকে খান ফিল্মস প্রযোজিত ও শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবিটিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে শোনা যাচ্ছে কয়েকজনের নাম। অনুমান করে কেউ বলছেন কলকাতার কোয়েল মল্লিক, কেউবা বলছেন নতুন কেউ। আসলে কে হতে যাচ্ছেন নায়িকা- এ প্রশ্নের জবাবে শাকিব বলেন, ১৪ই মে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। তবে নতুন একটা চমক তো থাকছেই। এজন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে। একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয়া হবে।
উল্লেখ্য, শাকিব খান অভিনীত ‘মেন্টাল’ ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তিশাকে। এছাড়া আরও রয়েছেন আঁচল, পড়শী প্রমুখ। এ ছবিটি এবারের ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে।
'মেন্টাল' নিয়ে মতামতের এক পর্যায়ে শাকিবের বলেন, ছবিটি ভালো হয়েছে। মুক্তির জন্য অনেকদিন ধরে অপেক্ষাও করেছেন পরিচালক ও প্রযোজক। ছবিটি সফলতা পাবে বলে মনে করছি। রনি বেশ ভালোভাবে ছবিটি নির্মাণের চেষ্টা করেছেন। ‘মেন্টাল’ ছবিটি সব শ্রেণীর দর্শক পছন্দ করবেন। কারণ ছবিটিতে গান, অ্যাকশনের পাশাপাশি কাহিনীতে ভিন্নতা রয়েছে।
একের পর এক ভিন্ন লুকে ভিন্ন ভিন্ন ছবিতে কাজ করছেন শাকিব। এসব ছবির কাজ ছাড়াও তার হাতে রয়েছে রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’, আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’, কালাম কায়সারের ‘মা’ এবং শিগগিরই শুরু করবেন আশিকুর রহমানের নতুন ছবি ‘অপারেশন অগ্নিপথ’। তাই ২০১৬ সালটা ডালিউড স্টার শাকিবের জন্য নতুন নতুন বিভিন্ন ধরণের মিশনের বছর।
এমআইএস





