‘অপশক্তির বিরুদ্ধে ঝলসে উঠুক সত্যের শাণিত কৃপাণ’ এই স্লোগানে সোমবার বিকাল থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী‘দেশ অপেরা যাত্রা উৎসব ২০১৪’।

দেশ অপেরা যাত্রা উৎসব উদযাপন পর্ষদ আয়োজিত শিল্পকলা একাডেমীর পরীক্ষণ হলে উৎসবের উদ্বোধন করবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার।

প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি।বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উদ্বোধনী পর্ব শেষে চারগুণী ব্যক্তিকে ‘অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক-২০১৪’ প্রদান করা হবে।সবশেষে মঞ্চায়ন হবে ‘আমি অমলেন্দু বিশ্বাস’।‘আমি অমলেন্দু বিশ্বাস’ এর রচনা, নিদের্শনা ও একক অভিনয় করেছেন মিলনকান্তি দে।

মঙ্গল উৎসবের দ্বিতীয় দিনে বিকেল তিনটায় ‘যাত্রার যাত্রা পথে মিলন কান্তি দে’ শীর্ষক সেমিনার একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।সেমিনারে নিজের লেখা প্রবন্ধ উপস্থাপন করবেন অপূর্ব কুমার কুণ্ড।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস।নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে এ পর্বের সঞ্চালনা করবেন শিক্ষক ও গবেষক ড. ইসরাফিল শাহীন।

এছাড়া দেশের নাট্য যাত্রাঙ্গনের প্রতিশ্রুতিশীল কর্মীরা উপস্থিত থাকবেন।সেমিনার শেষে মঞ্চায়ন হবে ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা যাত্রাপালা ‘মা-মাটি-মানুষ’।আকাঙ্খা শিল্পীগোষ্ঠী পরিবেশিত এ যাত্রাপালাটির নির্দেশনা দিয়েছেন এম আলীম।উদ্বোধনী অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর