দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায়ও প্রতিষ্ঠিত ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে গুণী এ অভিনেত্রী শুধু অভিনয়েই সফল নন, বরং দারুণ গাইতেও পারেন তিনি। এবার পহেলা বৈশাখের একটি অনুষ্ঠানে গেয়েছেন জয়া।

জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠান ‘বৈশাখী আলাপন’। সেখানে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি গেয়েছেন জয়া।

ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় বৈশাখী আড্ডায় আরও অংশগ্রহণ করেছেন কবি আসাদ চৌধুরী, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, এসআই টুটুল, চিত্রনায়ক ফেরদৌস ও ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।

বৈশাখী স্মৃতিচারণের পাশাপাশি এ অনুষ্ঠানে তারকারা অভিনয় করেছেন, কেউ গান গেয়েছেন আবার কেউ আবৃত্তি করেছেন। সুবর্ণা মুস্তাফার সঙ্গে অভিনয় করেছেন জাভেদ ওমর বেলিম। সামিনা চৌধুরী গল্পে গল্পে গেয়েছেন ‘বৈশাখ দেয় হাঁক দরজা’য় ও দেশের গান ‘এক শহীদের বধূ আমি’। এছাড়া কবিতা আবৃত্তি করেছেন কবি আসাদ চৌধুরী।

হারুন রশীদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান। আগামীকাল পহেলা বৈশাখে সন্ধ্যা সাতটায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

এমই