ব্যক্তিগত জীবনে স্ত্রী সুজানের সঙ্গে সম্পর্কটা ভেঙে গেলেও হৃতিক রোশনের পেশাজীবনে জোয়ার চলছেই। কয়েকদিন আগে তিনি হাতে নিয়ে আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’। এ ছবির মাধ্যমেই বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হয়ে যাবেন তিনি।

জানা গেছে, ‘মহেঞ্জোদারো’র জন্য হৃতিক একাই ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। তাছাড়া ছবিটির জন্য বরাদ্দকৃত সময়ের চেয়ে বেশিদিন কাজ করতে হলে প্রতিদিনের জন্য আলাদা পারিশ্রমিক নেবেন তিনি। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি ৪০ বছর বয়সী এই অভিনেতা।

‘মহেঞ্জোদারো’ ছবিটি প্রযোজনা করবে হলিউডের ডিজনি ইউটিভি। পরিচালক আশুতোষের স্ত্রী সুনিতাও এ ছবির একজন প্রযোজক। ছবিটিতে হৃতিকের সহশিল্পী নবাগতা পূজা হেগড়ে।

এর আগে আশুতোষের পরিচালনায় ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ‘যোধা আকবর’ ছবিতে অভিনয় করেছিলেন হৃতিক।

আগামী ২ অক্টোবর মুক্তি পাবে ক্যাটরিনা কাইফের সঙ্গে হৃতিকের নতুন ছবি ‘ব্যাং ব্যাং’। এর ট্রেলারের অংশবিশেষ মুক্তি পেতেই আলোড়ন সৃষ্টি করেছে। এ ছবিরও প্রযোজক হলিউডের প্রতিষ্ঠান।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই