এখনও বাণিজ্যিক ছবিতে অভিনয়ে আগ্রহী অমিতাভ বচ্চন। দু’দিন আগে সুজয় ঘোষ প্রযোজিত এবং ঋভু দাশগুপ্তর পরিচালনায় তৈরি ‘তিন’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন অমিতাভ।
যদিও পর পর থ্রিলার ছবিতে তিনি অভিনয় করে চলেছেন, তবে জানিয়েছেন, ভারতীয় সিনেমায় এখনও থ্রিলারের যোগ্য সমাদর নেই।
তার মতে, এখনও আমাদের দর্শকের একটা বড় অংশ রোমান্টিক সিনেমার অনুরাগী। ‘তিন’ ছবিতে গান গাওয়া সম্পর্কে অমিতাভ বলেছেন, গান গাওয়া ঠিক নয়। আমি তো প্রথাগতভাবে শিখে গান গাই না। আসলে অনেক ছবিতে পরিচালক মনে করেন একটা বিশেষ কণ্ঠ বা টিউন থাকলে হয়ত দৃশ্যটা অন্যমাত্রা পায়। একটা বিশেষ স্বরের প্রয়োগ বলা যায়। এই ছবিতে যখনই জন তার নাতনির কথা ভাবে, তখনই তার স্মৃতি এই গানের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। এটাকে ঠিক গান বলায় আপত্তি এই কারণেই, এটাতে সুরের চেয়ে অনুভূতির মাত্রা বেশি।
নিজের প্রিয় থ্রিলার ছবি সম্পর্কে অমিতাভ জানিয়েছেন, হিচককের সব ছবিই তার প্রিয়। তিনি একজন হিচকক ভক্ত।
বাণিজ্যিক ছবি থেকে নিজেকে সরিয়ে আনছেন কিনা এই প্রশ্নের উত্তরে অমিতাভ বলেছেন, সব ছবিরই কিন্তু একটা বাণিজ্যিক অ্যাঙ্গেল থাকে। এই তো ‘পিকু’ ছবিতে অভিনয় করলাম। যেখানে মুখ্য চরিত্রটি আমারই মতো বৃদ্ধ। কিন্তু সেই ছবিও বেশ ভালোই ব্যবসা করেছে। পৃথিবীর সব দেশেই, যেখানে সিনেমা ইন্ডাস্ট্রি আছে, সেখানেই বাণিজ্যিক ছবি আর মিনিংফুল অন্য ধারার ছবির যাত্রা পাশাপাশি চলছে। তা ছাড়া বাণিজ্যিক ছবির হিরো বলতে যা বোঝায়, অন্তত আমি অতীতে যেসব চরিত্রে অভিনয় করে এসেছি সেরকম চরিত্র পেলে না করার কারণ নেই। এই তো ‘বুডঢা হোগা তেরা বাপ’-এ অভিনয় করেছি।
একজন আর্টিস্ট হিসেবে সব ধরনের ছবিতেই অভিনয় করতে চান বলেও জানান তিনি।
এমআইএস





