নাটকের অভিনয় দিয়ে দীর্ঘ বিরতি শেষে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ঢালিউডের বলিষ্ঠ অভিনয়-শিল্পী পূর্ণিমা। সম্প্রতি মাসুদ সেজানের পরিচালনায় 'লাভ অ্যান্ড কোং' নাটকের মাধ্যমেই তার এই অভিনয়ে ফেরা।
মাস দুয়েক আগে রেদোয়ান রনির নতুন ধারাবাহিক 'ক্যান্ডি ক্র্যাশ' নাটক দিয়ে অভিনয়ে ফেরার কথা ছিল পূর্ণিমার; কিন্ত শারীরিক অসুস্থতার কারণে সেটা আর হয়ে ওঠেনি।
গত বৃহস্পতিবার মৌলভীবাজার থেকে শুরু হওয়া এ নাটকের শুটিং চলে টানা তিন দিন।
দীর্ঘ বিরতি শেষে ক্যামেরার সামনে আসা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘পারিবারিক ব্যস্ততার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও নিয়মিত অভিনয় করার সুযোগ হয় না। বিশেষ করে লম্বা শিডিউল দিতে হবে বলে চলচ্চিত্রে একদমই কাজ করা হয় না এখন। কিন্তু দর্শকদের সাথে যোগাযোগ রাখার ইচ্ছে সব সময়ই মনের মধ্যে তাড়া দেয়। সে জন্যই মাসুদ সেজানের নাটকে অভিনয় করেছি।’
তিনি আরো বলেন, এর মাধ্যমে দীর্ঘ দিন দর্শকদের সামনে না থাকার দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।
নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাহফুজ ভাই গম্ভীর টাইপের মানুষ হলেও কাজের জায়গায় খুবই চঞ্চল প্রকৃতির। শুটিং স্পটে যতক্ষণ ছিলাম অনেক মজা করেছি। দর্শক নাটকটি বেশ আনন্দ নিয়ে উপভোগ করবেন।’
ঈদ উপলক্ষে নাটকটি এনটিভিতে প্রচার হবে। এতে আরো অভিনয় করেছেন- মিশু সাব্বির, সাবিলা নূর, শাহরিয়ার নাজিম জয়, শামিমা নাজনীন প্রমুখ।
এমআইএস।





