চলচ্চিত্র ও ছোটপর্দা দুই মাধ্যমেই সমানতালে ব্যস্ত গুণী অভিনেতা আনিসুর রহমান মিলন। আসছে কোরবানির ঈদ। কিন্তু চলচ্চিত্রের কাজ নিয়েই তাকে এবার একটু বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। তবে ভালো ভালো গল্পের নাটক-টেলিফিল্মে কাজ করারও চেষ্টা করছেন চলচ্চিত্রের শুটিং শিডিউলের ফাঁকে ফাঁকে।
আসছে ঈদে এটিএন বাংলায় প্রচারের লক্ষ্যে ইফফাত আরেফীন তন্বীর রচনায় ও চয়নিকা চৌধুরীর নির্দেশনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম নীলাভ বিস্মরণ। এতে প্রথমবারের মতো একসাথে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দু’দিন আগে রাজাধানীর উত্তরায় একটি শুটিং হাউজে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে ইরা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী এবং অতনু চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে- ইরার গায়ে হলুদের পরের দিনই খুন হয় শান্তনু। অথচ বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে বিদেশ থেকে দেশে আসে অতনু। কিন্তু ভাই খুন হয়ে যাওয়ায় কী হবে এখন! এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। এতে শান্তনু চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ।
টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘গল্পটা এক কথায় অসাধারণ। তাই সিনেমার শিডিউলের ব্যস্ততার ফাঁকে এতে কাজ করেছি। মেহজাবিনের সাথে এটা আমার প্রথম কাজ। তিন দিন একসাথে আমরা কাজ করেছি। মেহজাবিনের মধ্যে চরিত্রের গভীরে প্রবেশ করে ভালো অভিনয় করার চেষ্টা আছে। খুব চুপচাপ, শান্ত স্বভাবের মেহজাবিন। আমার মনে হয় এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার ধারাবাহিক সুযোগ পেলে ভবিষ্যতে অভিনেত্রী হিসেবে তার অবস্থান আরো দৃঢ় হবে। আর নির্মাতা হিসেবে চয়নিকা দিদি সব সময়ই অসাধারণ।’
মেহজাবিন চৌধুরী বলেন, ‘এর আগে চয়নিকা দিদির নির্দেশনায় একটি নাটকে কাজ করেছি আমি। এটি নিয়ে তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। খুব ভালো লাগছে তার নির্দেশনায় কাজ করতে। নির্মাণেও ভিন্নতার ছাপ পাচ্ছি।
এসএ /টাইম





