বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার বিকালে বিএসএমএমইউয়ের কেবিন ব্লকের ৫১১ নম্বর কক্ষে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামানের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসুস্থতার খবর শুনে চিন্তিত। প্রধানমন্ত্রী তার চিকিৎসার খোঁজ-খবর নিতে তাকে পাঠিয়েছেন বলে জানান তথ্যমন্ত্রী।
মন্ত্রী এই অভিনেতার চিকিৎসার প্রতি বিশেষ নজর দেয়ার জন্য উপস্থিত চিকিৎসকদের নির্দেশ দেন। এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল জামানের সঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি চিকিৎসা সেবায় কোনো সমস্যা হচ্ছে কি না- সে বিষয়েও তার সঙ্গে কথা বলে জানতে চান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটিএম শামসুজ্জামান একজন কিংবদন্তি অভিনেতা। সরকার এটিএম শামসুজ্জানের চিকিৎসার জন্য ইতোপূর্বে সহায়তা করেছে, আগামীতেও তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে।
উল্লেখ্য, এটিএম শামসুজ্জামান একুশে পদকপ্রাপ্ত একজন অভিনেতা। তিনি পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, অভিনেত্রী তারিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
এএস





