বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। এই উপলক্ষ্যে মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হয় ১১ জানুয়ারি। দুইটি প্যানেলে সভাপতি পদে মুখোমুখি অবস্থানে আছেন শাকিব খান-আহমেদ শরীফ।

শাকিবের সাথে সাধারণ সম্পাদক পদে অংশ নিচ্ছেন মিশা সওদাগর। তাদের নেতৃত্বে পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কিন্তু আহমেদ শরিফ প্যানেল সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং নির্বাহী সদস্যপদে ৬ জন ছাড়াই প্যানেল জমা দেন। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অমিত হাসান।

শাকিব খান-মিশা সওদাগর পরিষদ
সভাপতি শাকিব খান, সহ-সভাপতি ওমর সানি ও নাদের খান, সাধারণ সম্পাদক মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মো. আরমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক সুব্রত, প্রচার প্রকাশনা ও দফতর সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ আতিকুর রহমান চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডন, সাংস্কৃতিক সম্পাদক শানু শিবা, কার্যনির্বাহী পরিষদের সদস্য মৌসুমী, আফজাল শরীফ, ববি হক, শহীদুল ইসলাম সাচ্চু, আলীরাজ, ফরহাদ, রতন খান, রকিবুল আলম রকিব, যাদু আজাদ ও হাসান জাহাঙ্গীর।

আহমেদ শরীফ পরিষদ
সভাপতি আহমেদ শরীফ, সহ-সভাপতি দিলারা ও আবদুল্লাহ সাকি, প্রচার প্রকাশনা ও দফতর সম্পাদক মিজান, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রীনা খান, কার্যনির্বাহী পরিষদ সদস্য আমির সিরাজী, নুরুল ইসলাম, সুশান্ত, সারোয়ার হোসেন ও সোহরাব হোসেন। স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদক পদে অমিত হাসান, কোষাধ্যক্ষ পদে কমল এবং কার্যনির্বাহী সদস্য পদে জেসমিন ও ডা. এজাজ।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০৯ জন। ভোট-গ্রহণ ৩০শে জানুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এর মাঝে জুম্মা’র নামাজ ও মধ্যাহ্নভোজনের জন্য বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। ভোটদান শেষে নির্বাচন কমিশন কর্তৃক ভোট গণনা ও ফলাফল প্রকাশ করবে।

নির্বাচনী তফসিল হচ্ছে, নির্বাচন উপলক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সদস্যকে প্রভাবিত করার জন্য অর্থ বা উপঢৌকন দেয়া যাবে না। যদি কোন প্রার্থীর ব্যাপারে অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত-সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থিতা নির্বাচন কমিশন বাতিল করতে পারবেন। নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষণার ৭ দিনের মধ্যে বিদায়ী পরিষদ নবনির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

সমিতির নির্বাচন পরিচালনার জন্য সাবেক সভাপতি মিজু আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ৩ সদস্যের মাঝে আরও দুজন হল নজমুল হুদা মিন্টু ও পীরজাদা শহীদুল হারুন।

এছাড়াও আপিল বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন চিত্রনায়ক ফারুক। নির্বাচন কমিশনের সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন জাকির ও রাকিব।

জেআই