নিরুপায় হয়েই অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছিলেন তিনি৷ বারবার হুমকি, শারীরিক অত্যাচার, আক্রমণাত্মক আচরণের মুখে চুপ করে বসে থাকার উপায় ছিল না তাঁর কাছে৷

বুধবার নিজের ফেসবুকে আবেগঘন বার্তার মধ্যে দিয়ে নিজের অসহায় পরিস্থিতির কথা তুলে ধরলেন প্রীতি জিনতা৷

প্রাক্তন প্রেমিক ও শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পর থেকেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল৷ কেন এফআইআর করলেন প্রীতি? এদিন সেই জবাব স্পষ্ট করে দিলেন প্রীতি৷

 তিনি বলেন, ‘কোনও পরিস্থিতিতেই মুখ বুজে অত্যাচার সহ্য করা উচিত নয়৷ তা সে সেলিব্রিটি হোক বা না-হোক৷ আমার একমাত্র দোষ আমি একটা মেয়ে৷ এক সময় যে খুব কাছের মানুষ ছিল তাঁর কাছ থেকে কটূক্তি, অপমান ও হুমকির পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি৷ পরিস্থিতি আমাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে৷’

তিনি আরও বলেন, কারোর ক্ষতি করার উদ্দেশ্য আমার নেই৷ যা করেছি শুধুমাত্র আত্মরক্ষার স্বার্থে৷ এদিনের বার্তায় প্রতিটি গুজবকে মিথ্যে প্রমাণ করে নিজের অবস্থান স্পষ্ট করে দেন প্রীতি৷

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই