শুক্রবার কবি ও সাংবাদিক আপন মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের ১২ সেপ্টেম্বর ভোরে শূন্য দশকের অন্যতম কবি আপন মাহমুদ হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান।
মাত্র ৩৬ বছরের জীবনে আপন মাহমুদ বাংলা কবিতায় তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। কবিতার পাশাপাশি কিছু গদ্য, ছোটগল্প, ছড়া ও গান লিখেছেন তিনি। তার প্রথম কাব্যগ্রন্থ ‘সকালের দাঁড়ি কমা’ প্রকাশিত হয় ২০১১ সালে।
লিটল ম্যাগাজিন দিয়ে লেখালেখি শুরু করলেও, এর পরে একই সঙ্গে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও সাময়িকীতে ছাপা হয়েছে তার কবিতা।
আপন মাহমুদের জন্ম ১৯৭৬ সালের ১ জানুয়ারি, লক্ষ্মীপুরের মান্দারীবাজার এলাকার কড়ইতলা গ্রামে। বাবা আবদুর রব ও মা আনোয়ারা বেগম।
অধুনালুপ্ত আজকের কাগজ পত্রিকায় আপন মাহমুদের সাংবাদিকতা জীবনের শুরু। এরপর দৈনিক যায়যায় দিন হয়ে ২০১০ সালে যোগ দেন দৈনিক কালের কণ্ঠে, যেখানে জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মৃত্যুর আগ পর্যন্ত।
ঢাকা সাব এডিটরস কাউন্সিলেরও সদস্য ছিলেন আপন মাহমুদ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার তার গ্রামের বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
কবি আপন মাহমুদের আত্মার শান্তি কামনায় সবাইকে দোয়া করতে অনুরোধ জানিয়েছে তার পরিবার ও কবিবন্ধুরা।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





