তরুণ অভিনেত্রী আশা চৌধুরীর মৃত্যুতে তাঁর পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করা হয়েছে। পাশাপাশি এই মৃত্যুর ঘটনায় দায় নিরুপণে একটি তদন্ত কমিটি গঠনেও রুল চাওয়া হয়েছে।
আশার মা পারভিন আক্তার হাইকোর্টে এ রিট আবেদনটি করেছেন বলে গণমধ্যমকে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী আনিচুর রহমান।
রিটে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ আটজনকে বিবাদী করা হয়েছে।
গত ৪ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনায় মারা যান তরুণ অভিনেত্রী আশা চৌধুরী। রাজধানীর টেকনিক্যাল মোড়ে একটি ট্রাকের ধাক্কায় তিনি মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। তার মাথা থেঁতলে যায়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রায় চার বছর আগে টেলিভিশন নাটকে আশার অভিনয়ে আসা। অভিনয়কেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। শিল্পী হিসেবে বিটিভির তালিকাভুক্ত হয়েছিলেন। চার বোনের মধ্যে আশা ছিলেন সবার বড়।
রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজিতে (বিইউবিটি) আইন বিভাগে সপ্তম সেমিস্টারে পড়াশোনা করতেন আশা। তাঁর গ্রামের বাড়ি পাবনা জেলায়।
এমআর





