শোবিজ জগতে বিচ্ছেদের মিছিলে এবার যোগ হলো গায়ক-সংগীত পরিচালক ইবরার টিপু-মিথিলা দম্পতির নাম। স্ত্রী ফারজানা মিথিলা তাঁকে ডিভোর্স দিলেন। টিপুর বিরুদ্ধে পরকীয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে দাম্পত্যের ইতি টানতে চলেছেন তিনি।

সোমবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে ডিভোর্সের চূড়ান্ত মিমাংসা করার জন্য মিথিলা এখন আদালতে রয়েছেন। আজকের মধ্যেই আইনগত ঝামেলা শেষ করে টিপুর কাছে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন মিথিলা।

মিথিলা বলেন, বিয়ের পর থেকেই তার পরকীয়া আমি একের পর এক দেখেছি। কিন্তু এখন আমার ছেলে ওহীর বয়স ৮। ওর জন্য সব সহ্য করে গেছি। ভেবেছি ছেলের মধ্যে এর প্রভাব পড়বে। কিন্তু ইবরার থামেনি। একের পর এক মেয়ের সঙ্গে ওর সম্পর্ক চলেছে। এখনও চলছে। এসবে বাধা দিতে গেলে ও আমাকে ডিভোর্সের হুমকি দেয়। মানসিক ও শারীরিক নির্যাতন করে।

এর আগে নির্যাতনের অভিযোগে রাজধানীর রমনা থানায় শনিবার একটি জিডি করেন মিথিলা। জিডি নং-১৯১১। এ বিষয়ে ইবরার টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ ভিত্তিহীন বলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন রেখে দেন।

উল্লেখ্য, ২০০৪ সালে ইবরার টিপু ও ফারজানা ববি মিথিলার বিয়ে হয়। ওহী ইবরার নামের এই দম্পতির ঘরে ৮ বছরের এক সন্তান আছে।

এমআইএস