মডেল, অভিনেত্রী বিশেষণের সঙ্গে যোগ হলো আরও একটি পরিচয়। এখন থেকে চলচ্চিত্র প্রযোজনাও করবেন ববি। ঢালিউডের নায়ক-নায়িকারা ছবি প্রযোজনায় আসেন না- এমন অভিযোগের ভিড়েও যদি খুঁজে দেখা হয় তাহলে আমরা অনেক নায়ক-নায়িকাকে পাবো যারা ছবি প্রযোজনা করেছেন।

৭১ পরবর্তী ছবির যাত্রায় তো শুরু হয়েছিলো নায়ক সোহেল রানার হাত ধরে। এরপর শাবানা-ইলিয়াস কাঞ্চন-মান্না-রিয়াজকেও ছবি প্রযোজনা করতে দেখা গেছে। এই বহরে সম্প্রতি যুক্ত হয়েছেন শাকিব খান, মাহি ও। উত্তর সুরীদের সেই পথ ধরে এবার এই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন হালের জনপ্রিয় নায়িকা ববি।

জানা গেছে খুব শীঘ্রই ছবি প্রযোজনা করবেন তিনি। আর তা হলে মডেল চিত্র নায়িকা তকমার পাশে প্রযোজক তকমাও জুড়িয়ে যাচ্ছে ববির নামের সঙ্গে। সত্যিই কি প্রযোজনায় আসছেন ববি? এমন প্রশ্নের জবাব পেতে আমরা মুখোমুখি হই ববির। তিনিও হাসিমুখে স্বীকার করে নিলেন খবরের সত্যতা। বললেন, হ্যা, ছবি প্রযোজনা করছি। আপাতত প্রসেসিং চলছে। এখনো কোনোকিছুই চূড়ান্ত করিনি। সবকিছু চূড়ান্ত করলেই সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবো।

সময়ের আলোচিত এই নায়িকা চলচ্চিত্রে পা রাখেন ২০১০ সালে মুক্তি পাওয়া ইফতেখার চৌধুরী পরিচালিত খোঁজ দ্যা সার্চ ছবির মাধ্যমে। এখানে তার নায়ক ছিলেন অনন্ত জলিল।এরপর মাঝখানে বেশ খানিকটা বিরতি দিয়ে ২০১৩ সালে অভিনয় করেন একই পরিচালকের দেহরক্ষী ছবিতে। এই ছবির সাফল্য মোড় ঘুরিয়ে দেয় ববির। একের পর এক ছবি আসতে থাকে ববির হাতে।

এ পর্যন্ত ববি অভিনীত সাতটি ছবি মুক্তি পেয়েছে। খোঁজ দ্য সার্চ, দেহরক্ষী, ফুল এন্ড ফাইনাল, রাজত্ব, ইঞ্চি ইঞ্চি প্রেম, আইডোন্ট কেয়ার, হিরো দ্য সুপারস্টার। হাতে আছে আরো বেশ কয়েকটি ছবি। ওয়ানওয়ে, অ্যাকশন জেসমিন, স্বপ্নছোঁয়া, পিকনিকসহ আরো অনেক ছবি।

উল্লেখ্য আলোচিত এই নায়িকার মিডিয়ায় পথচলা শুরু হয় র্যা ম্পের মাধ্যমে। এরপর কাজ করেন ধারাবাহিক ও খণ্ড নাটকেও। কাজ করেন বিজ্ঞাপনেও। হোয়াইট প্লাস টুথপেস্ট, তিব্বত টুথপেস্ট, ওয়ালটন টিভি,প্রাণের বিজ্ঞাপনসহ বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে ববিকে। এদিকে অরণ্য আনোয়ারের সাদাকালো, আধারের যাত্রী, ইফতেখার চৌধুরীর ক্রস ফায়ার ও আই লাভ ইউ মি টু-সহ বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই