দীর্ঘদিন ধরেই সংগীত জগতে কাজ করে যাচ্ছেন সংগীতশিল্পী শেখ মহসীন। তার বেশ কিছু গান প্রশংসিতও হয়েছে শ্রোতামহলে। বিশেষ করে গত বছর প্রকাশ পায় তার নতুন একক অ্যালবাম ‘ময়না’। জি-সিরিজ থেকে প্রকাশ পাওয়া এ ফোকনির্ভর অ্যালবামের গানগুলো প্রশংসিত হয়।
‘ময়না’ শিরোনামের গানটির একটি ব্যয়বহুল ভিডিও প্রকাশ করেন মহসীন। এ গানটির অডিও এবং ভিডিও বেশ সাড়া ফেলে গানপাগল শ্রোতা-দর্শকের মাঝে। আর তার ধারাবাহিকতাতেই নিজের নতুন একক অ্যালবামের কাজ ইতিমধ্যে শুরু করেছেন শেখ মহসীন।
এবার আধুনিক ফোক গান নিয়েই নিজের এ অ্যালবামটি সাজাচ্ছেন তিনি। এটি তার ক্যারিয়ারের চতুর্থ একক। এ অ্যালবামে গান লিখছেন অনুরুপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি প্রমুখ। অ্যালবামের সব গানের সুর করছেন শেখ মহসীন নিজে।
আর সংগীতায়োজনে থাকবেন সূচি শামস। নিজের এ অ্যালবাম প্রসঙ্গে মহসীন বলেন, আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারের অ্যালবামটিও সময় নিয়ে করছি।
দেশের জনপ্রিয় গীতিকবিরা এখানে গান লিখছেন। বেশ কিছু গানের সুর আমি করছি। মূলত বাণীনির্ভর গান এ অ্যালবামে করছি। বেশিরভাগ গানই আধুনিক ফোক। আমার বিশ্বাস গানগুলো ভালো লাগবে শ্রোতাদের।
এসএ





