রাজনীতিতে নামছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস! তবে বাস্তবে নয় রাজনীতি শিরোনামে একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

ছবিতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এরআগে শাকিব-অপু জুটি বহু সংখ্যক হিট ছবি উপহার দিয়েছেন।

ছবিতে শাকিব-অপু ছাড়াও আরও থাকছেন বাংলা চলচ্চিত্রের অ্যাকশন হিরো জায়েদ খান। নতুন এই ছবিটি পরিচালনা করবেন বুলবুল বিশ্বাস।

পরিচালক সূত্রে জানা গেছে, ছবির শুটিং এর লক্ষে আগামী ১১ এপ্রিল শুটিং ইউনিটসহ শাকিব খানকে নিয়ে নেপাল যাবেন তিনি। সেখানে ১২ ও ১৩ তারিখ দুইদিন শুটিং করে ফের ঢাকায় ফিরবেন তারা।

রাজনীতি ছবির গল্পে দেখা যাবে রাজনীতিবিদ বাবার দুই ছেলে শাকিব খান ও জায়েদ খান।বাবার অঢেল সম্পত্তি ও ক্ষমতা নিয়েই শুরু হয় দ্বন্দ।

আবার একই মেয়ের প্রেমে পড়ে শাকিব ও জায়েদ। ত্রিভূজ প্রেমের গল্পের মধ্যেই দেখা যাবে ক্ষমতার লড়াই, টাকার খেলা ও ভাই-ভাইয়ের সম্পর্ক।

এ সম্পর্কে অপু বিশ্বাস জানিয়েছেন, ছবিতে অভিনয়ের ব্যাপারে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সবকিছু চূড়ান্ত হবে।

ইআর