মাত্র কিছু দিন আগেই জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির আত্মহত্যার চেষ্টা নিয়ে তোলপাড় হয়েছে শোবিজ অঙ্গনে। সুস্থ হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ন্যান্সি।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে ন্যান্সির একাধিক সাক্ষাৎকার। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে ন্যান্সি বলেছেন তার শেষ ইচ্ছা তারেক রহমানের সঙ্গে দেখা করা।
এর আগে নিজেকে বিএনপির সমর্থক দাবি করে ফেসবুকে স্ট্যাটস দিয়েছিলেন তিনি। এরপর ন্যান্সির নেত্রকোনার বাড়িতে পুলিশি অভিযান হয়। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় রাজনৈতিক বক্তব্যে নিয়ে ন্যান্সি আগের অবস্থানে আছেন কি না।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘হ্যাঁ, আমাকে গুলি করে মেরে ফেলা হলেও আমি আমার অবস্থান বদলাব না।’

বেগম খালেদা জিয়ার সঙ্গে দুবার দেখা হয়েছে ন্যান্সির। তিনি বলেন, ‘ম্যাডামের সঙ্গে দুবার দেখা হয়েছে। ম্যাডামকে আমার অসাধারণ মনে হয়েছে। আবারও দেখা করার ইচ্ছা আছে।’

গান আর রাজনীতি কি একসঙ্গে চলবে? এমন প্রশ্নে ন্যান্সি বলেন, ‘আর দুমাস আমি দেখব। এর মধ্যে যদি স্টেজ শো আর গানের কাজ না আসে, তাহলে আমি গান ছেড়ে দেব। গানই যদি গাইতে না পারি, তাহলে ঢাকায় থেকে কী হবে! চলে যাব গ্রামের বাড়িতে। আর দশটা সাধারণ নারীর মতো আমিও স্বামী-সন্তান নিয়ে দিন কাটাব।’

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই