সাবিলা নূরস্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অভিযাত্রিক ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হলেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। সাবিলা জানিয়েছেন, শুভেচ্ছাদূত হওয়ার জন্য ওই প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ নিচ্ছেন না তিনি।

সাবিলা নূর বলেন, ‘সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে। তাঁদের সঙ্গে থেকে আমি নিজেও নিজের অবস্থান থেকে কিছু কাজ করতে চাই।’

প্রতিষ্ঠানটির সভাপতি আহমেদ ইমতিয়াজ জানান, আন্তর্জাতিক শিশু দিবসকে সামনে রেখে আগামী ১ জুন ‘জয় অব গিভিং’ শিরোনামে আয়োজিত একটি চ্যারিটি ক্যাম্পেইনে অংশ নেবেন সাবিলা। এই ক্যাম্পেইনে ঢাকার ধানমন্ডি, মিরপুর, উত্তরাসহ ১২টি পয়েন্টে প্রতিষ্ঠানটির ৪০০ কর্মী অবস্থান করবেন।

সেখান থেকে তাঁরা অবহেলিত, দরিদ্র মানুষের জন্য অর্থ সংগ্রহ করবেন। সংগৃহীত অর্থ দিয়ে আগামী রোজার মাসে ঢাকা শহরের এ ধরনের ৫০০ পরিবারকে নানাভাবে সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি। শুভেচ্ছা দূত হিসেবে সাবিলা নূর স্বেচ্ছাসেবীদের সঙ্গে এই ক্যাম্পেইনে অংশ নেবেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি অভিযাত্রিক স্কুল নামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা বেতনে একটি স্কুল পরিচালনা করে। স্কুলটিতে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দেড়শ।

এমই