'যতদিন রবে পদ্মা-মেঘনা বহমান.. ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'। বঙ্গবন্ধুর প্রতি গানে গানে শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।  

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে সাধারণ বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ গান করেন।

কয়েক মিনিট বাজেটের উপর আলোচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আরও একটি গানের সুরে সংসদ মাতিয়ে তোলেন মমতাজ। 'হায়রে বাঙ্গালি ওরে বাঙ্গালি তোরা বুঝবিরে একদিন। শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন...।'
সংসদ অধিবেশনে উপস্থিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাস্যজ্জ্বল দেখা গেছে। এসময় অধিবেশনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও হাসতে থাকেন।

গানে গানে তার বক্তব্য শেষ করার সময় করতালি দিয়ে, টেবিল চাপড়িয়ে তাকে শুভেচ্ছা জানান উপস্থিত সংসদ সদস্যরা।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই