বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। কারণ দুজনেই বলিউড অভিনেতা রণবীর কাপুরের সাবেক প্রেমিকা।
এ কারণে দীপিকা ও ক্যাটরিনার মধ্যে প্রতিহিংসা পরায়ণতার মনোভাব রয়েই গেছে । সুযোগ পেলেই তারা একে অপরের বিরুদ্ধে পাল্টা আঘাত হানছেন। একজন এগিয়ে গেলে, অন্যজন তাকে পেছনে ফেলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওয়ান ইন্ডিয়ার খবরে জানা গেছে, বলিউডের প্রথম সারির অভিনেত্রীর তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ। হলিউড-বলিউড নিয়ে বেশ ব্যস্ত দীপিকা।
অন্যদিকে, বলিউড ছবি এবং বিভিন্ন স্টেজ পারফরম্যান্স নিয়ে ভীষণ ব্যস্ত ক্যাটরিনা। এক সময় বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে দুজনেরই প্রেমের সম্পর্ক ছিল। শুরুতে দীপিকা সম্পর্কে জড়ালেও পরে ক্যাটরিনার প্রেমে মশগুল হন রণবীর। সেই প্রেম এখন না থাকলেও দুজনের মধ্যে দ্বন্দ্বটা রয়েই গেছে। তাদের বিভিন্ন কার্যক্রমে বিষয়টি বোঝা যাচ্ছে। আনন্দ এল রাই পরিচালিত পরবর্তী ছবিতে শাহরুখ খানের বিপরীতে ক্যাটরিনা কাইফের অভিনয় করার কথা ছিল। কিন্তু সেখানে ভাগ বসিয়েছেন দীপিকা। নির্মাতারা ক্যাটরিনাকে বাদ দিয়ে দীপিকাকে চরিত্রটির জন্য বেছে নিয়েছেন।
এদিকে, করণ জোহরের প্রযোজনায় একটি ছবিতে জুটি বাঁধার কথা ছিল দীপিকা এবং ফাওয়াদ খানের। কিন্তু প্রযোজককে হাত করে ঠিকই প্রতিশোধ নিয়েছেন ক্যাটরিনা। এ ছবিটিতে এখন দীপিকার পরিবর্তে ক্যাটরিনাকে নেয়া হচ্ছে। সূত্রটি আরো জানিয়েছে, দুটি ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে আগামী নভেম্বর থেকে ছবি দুটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
দীপিকা এখন হলিউড ছবি 'এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জান্ডার কেজ' ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আসছে বছরের ২০ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। অন্যদিকে, ক্যাটরিনার পরবর্তী ছবি 'বার বার দেখো'-এর পোস্ট প্রোডাকশনের কাজ করছেন। এতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে এ অভিনেত্রীকে। চলতি বছর ৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।
এসএ





