এবারই প্রথম নাটকে জুটিবদ্ধ হলেন নোবেল ও তিশা। যদিও ক্যামেরার সামনে দুইজনকে এর আগেও দেখা গেছে। নাটকের নাম আনপ্রেডিকটেবল।

রচনায় তানিম রহমান। নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। রোমান্টিক গল্পের এই নাটকে নোবেল ও তিশা অভিনয় করেছেন ফয়সাল ও কবিতা নামের দু’টি চরিত্রে।
নোবেল বলেন, ‘নাটকের গল্পে ডেপথ আছে। অভিনয় করতে গিয়ে মনে হয়েছে, দর্শকদের আরো কাছাকাছি যাওয়ার সুযোগ রয়েছে আনপ্রেডিকটেবল নাটকের গল্পে। এখন সবার কাছে নাটকটি ভালোলাগলেই আমার সার্থকতা।’

প্রথমবার তিশার সাথে অভিনয় করা প্রসঙ্গে নোবেল বলেন, ‘তিশা অনেক ভালো অভিনেত্রী। সবকিছু খুব সহজে নিজের সাথে মানিয়ে নেয়ার ক্ষমতা রয়েছে তার। নাটকে এটা তার সাথে প্রথম কাজ হলেও অন্য মাধ্যমে তার সাথে আমার কাজ করা হয়েছে। একসাথে কাজ করার সময়টা খুবই উপভোগ করেছি। এখন দর্শকদের ভালো লাগলেই হবে স্বার্থকতা।’

প্রতিক্রিয়ায় তিশা বলেন, ‘এর আগে নোবেল ভাইয়ের সাথে বিজ্ঞাপনে কাজ করেছি। আর নাটকে এই প্রথম কাজ করলাম। নোবেল ভাই একটু গম্ভীর প্রকৃতির হলেও কাজের সময় বেশ সাবলীল থাককেন। আশা করছি দর্শক আমাদের অভিনয় উপভোগ করবেন।’

নাটকটির শুটিং হয়েছে, ঢাকাও তার আশপাশের বিভিন্ন লোকেশনে। আসছে ঈদে নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

 

এমআইএস।