এবার শাহরুখ খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হৃতিক রোশান। আর তা হলো, নিজের এইট প্যাকের রহস্যভেদ করতে হবে কিং খানকে। আর হৃতিক এসবই করছেন তার নতুন সিনেমা ‘ব্যাং ব্যাং’-এর জন্য।
২০শে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সহকর্মীদের উদ্দেশে ‘ব্যাং ব্যাং’ ডেয়ার নামে নতুন এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন হৃতিক। আর প্রথম চ্যালেঞ্জটি পান শাহরুখ।
শাহরুখের জন্য তার টুইটটি ছিল, “দ্য টেন প্যাক, ব্যাংব্যাংডেয়ার, আইঅ্যামএসআরকে, তোমার পছন্দের পেটের কসরত করার একটা ছবি দাও। আমরা সবাই জানতে চাই তুমি পেটের জন্য কী ব্যায়াম করো। তোমাকে সময় দেয়া হল তিন দিন! কবুল?’
চ্যালেঞ্জ ছিল তার ‘ধুম টু’-এর সহশিল্পী এবং বন্ধু উদয় চোপড়ার জন্যেও, “এবার আমার চ্যালেঞ্জ উদয় চোপড়ার জন্য......একশবার শরীরের পুরো ভর দিয়ে পুল আপ করবে (পাঁচটি সেটে)!! রাজি তো? তোমাকে দেয়া হল ৫ দিন! সময় কিন্তু শুরু হয়ে গেছে!”
অভিনেত্রীদের মধ্যে হৃতিক বেছে নিয়েছেন সোনাম কাপুরকে। সোনামের জন্য হৃত্বিকের টুইট, “এবার আমার ব্যাংব্যাংডেয়ার হবে খুবসুরাত সোনাম কাপুরের জন্য। ‘খুবসুরত’ সিনেমার ব্যাপক সাফল্যের পর তোমার বিভিন্ন ভঙ্গীতে তোলা হাসির ছবি দেখতে চাই! এটা কিন্তু আমাদের সবারই প্রাপ্য।”
এরপরের চ্যালেঞ্জটি ছিল মডেল-অভিনেতা ডিনো মোরিয়ার জন্য। হৃতিক লিখেন, ‘পেশীবহুল লোকটিকে বলছি......তোমার জন্য ব্যাংব্যাংডেয়ার হল-- ২০ টি বার ডিপ দিতে হবে। তোমার জন্য সময় তিনদিন। তুমি কি প্রস্তাবটি গ্রহণ করলে?’
এরপর নিজের ধূমপায়ী ভক্তদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন হৃতিক। “এখন আমি দিচ্ছি সবচেয়ে বড় চ্যালেঞ্জ,ব্যাংব্যাংডেয়ার সব ধূমপায়ীদের উদ্দেশ্যে! তিন দিন কোন ধূমপান করা চলবে না। শরীর থেকে নিকোটিন বের হতে এই সময়টুকু দরকার। এখনই শুরু করো!”
আইস বাকেট চ্যালেঞ্জের পর এবার হৃতিকের ‘ব্যাং ব্যাং ডেয়ার’ কতখানি সাড়া ফেলবে সেটাই এখন দেখার বিষয়।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





