পুত্র সন্তানের মা হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন।

সাধারণত তারকারা সন্তানের মুখ দেখাতে খানিকটা সময় নেন। এদিক থেকে ভিন্ন পথে হেঁটেছেন মাহি। সন্তান জন্মের পাঁচ ঘণ্টা পার হতে না হতেই ছেলেকে প্রকাশ্যে আনেন তিনি। সোশ্যাল মিডিয়ায় স্বামী-সন্তানসহ ছবি পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দেন মাহি। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ তার সেই পোস্টের নিচে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

এবার সবার উদ্দেশে এক বার্তা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

তিনি লেখেন, ‘এই যেমন ধরো আমার মাথা ব্যাথা করছে অথবা জ্বর, ঠান্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে এই সমস্ত জিনিস কারো সাথে শেয়ার করতেও আমার ভীষন আনইজি লাগে । আমি কোন কারণে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার। তুমিতো জানই।

তিনি আরও লেখেন, ‘কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমারনা শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, একবার পা ব্যাথা তো আবার কোমর ব্যাথা, আসলে যে কি সমস্যা সেটাও বুঝতে পারছিনা। শুধু এইটুক বুঝতে পারছি আমার ভীষন ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শুনাতে শুনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দিবে, আমার ব্যাথাগুলো সেও অনুভব করবে।’

এবিএস