দীর্ঘদিন ধরে খ্যাতিমান মডেল-অভিনেতা নোবেল সম্প্রতি জুটিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ে তরুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী শখের সাথে। আর.বি. প্রীতমের রচনা ও পরিচালনায় ‘শূন্যতার বৃত্তে’ শিরোনামের নাটকে তাদের একসাথে দেখা যাবে।
নাটকটির গল্পে দেখা যাবে, বাসস্ট্যান্ডে একটি মেয়ের সামনে হঠাৎ করেই ছেলেটি এসে দাড়ায়। মেয়ে ছেলেটিকে বলে- তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে পারব না। ছেলে জানতে চায়- কেন? উত্তরে মেয়েটি বলে- তুমি একটু চিন্তা করে দেখ- শেষ দুইদিন তুমি কী করেছ? ছেলেটি মনে মনে ভাবে- আমাদের যে ঝগড়া হয়েছিল তাতো মিটে গেছে।
হঠাৎ তার মনে পরে- সেদিন সন্ধ্যায় কনসার্টে যেতে দেরি হচ্ছিল বলে মেয়েটিকে রাস্তা পার করে দেয়নি সে। এর আগে প্রতিদিনই মেয়েটিকে রাস্তা পার করে দিয়ে যেত। কারণ মেয়েটি রাস্তা পার হতে ভয় পায়। ছেলেটি কেমন যেন এলোমেল হয়ে যায়। এরপর দেখা যায় ছেলেটি একটি কবরস্থানে গিয়ে কবরের সামনে কিছু ফুল দেয়। কিন্তু পরের দিন ছেলেটি আবার বাসস্ট্যান্ডে গিয়ে মেয়েটিকে আবারো একই প্রশ্ন করে।
এমনই গল্প নিয়ে গড়ে উঠেছে ‘শূন্যতার বৃত্তে’ শিরোনামের নাটকের গল্প। এ নাটকে নোবেল, শখসহ অভিনয় করেছেন আরও অনেকে। আজ রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে এ নাটকটি।
ইআর





