বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনার শেষ নেই। সারাবিশ্ব এখন তাকিয়ে আছে সেমিফাইনাল আর ফাইনাল দেখার জন্য। আর বাকি খেলাগুলোতে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির সেরা পারফরম্যান্সটাই দেখতে চায় সবাই। ঠিক এমনই এক মুহূর্তে মেসিকে নিয়ে গান লিখেছেন সাংবাদিক-গীতিকার তারেক আনন্দ।
গানটি গত সোমবার লালমাটিয়ার একটি স্টুডিওতে রেকর্ড হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েস খ্যাত সংগীত শিল্পী সজল, কর্নিয়া ও মাসুম। গানের কথা- ‘দেখেনি আমি পেলে-ম্যারাডোনার খেলা/জন্ম হয়নি তখন তাদের বেলা/আমি আজ বড় ধন্য/লিওনেল মেসির জন্য/তার খেলা মুগ্ধ করে/তার জাদুতে হৃদয় ভরে/তার হাসিতে বিশ্ব হাসে...’। গানটি সুর করেছেন সজল। সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
গানটি সম্পর্কে তারেক আনন্দ বলেন, আমি লিওনেল মেসির ভক্ত। তাকে নিয়ে গান লেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। গানটি শোনার পর আমি এক্সাইটেড। অনেক ভালো হয়েছে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।
![]()
গানটির বিষয়ে সজল বলেন, আমি মেসির ভক্ত। তার প্রতি আমাদের ভালোবাসা থেকেই মন-প্রাণ উজাড় করে সবাই চেষ্টা করেছি বিশ্বকাপ চলাকালীন সুন্দর একটি গান উপহার দিতে। রেজওয়ান শেখ চমৎকার মিউজিক করেছেন। গানটির মাঝে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে রয়েছে। গানের রেকর্ডিং শেষ করার পর যখন প্রথমবার শুনি তখনই উপস্থিত সবার কাছে গানটি ভালো লেগে যায়। আমি গায়ক কিংবা সুরকার হিসেবে বলছি না, একজন শ্রোতা হিসেবে বলব, গানটি সবার ভালো লাগবে।
সংগীত শিল্পী কর্নিয়া বলেন, গানটি নিয়ে যতটুকু প্রত্যাশা ছিল তার চেয়ে অনেক বেশি ছাড়িয়ে গেছে। একবাক্যে বলতে পারি সবার ভালো লাগবে। গানটি ভালো লেগেছে তাই শ্রোতার কানে সহজে পৌঁছে দিতে গতকাল সারাদিন মিউজিক ভিডিওর শুটিং করেছি।
গীতিকার তারেক আনন্দ জানিয়েছেন, এ গানটির অডিও ভার্সন আসছে ঈদে সিডি চয়েসের ব্যানারে তার (তারেক আনন্দ) কথা ও আয়োজনে ‘প্রেম জোছনা’ অ্যালবামে থাকবে।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





