২৮ মার্চ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে শূন্যন রেপার্টরি থিয়েটার প্রযোজিত ও মোমেনা চৌধুরীর একক অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক লালজমিন-এর বিশেষ মঞ্চায়ন হবে।
যুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক সংগ্রামী নারীর জীবন অভিজ্ঞতার নাট্যপ্রকাশ লালজমিন। মান্নান হীরা রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটির ৮০তম মঞ্চায়ন হবে। মঞ্চায়নের নেপথ্য কারিগররা হলেন ওয়াহিদা মল্লিক, জুলফিকার চঞ্চল, রামিজ রাজু, নীলা সাহা, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।
২০১১ সালের ১৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে লালজমিন এর প্রথম মঞ্চায়ন হয়। মুক্তিযুদ্ধে একজন কিশোরীর অংশগ্রহণ, গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির ত্যাগ- সবশেষে স্বাধীনতা অর্জন দর্শকদের এক নতুন অভিজ্ঞতা সম্মুখে দাড় করিয়ে দেয় লালজমিন। স্বাধীনতা অর্জনই কেবল লাল জমিন এর সমাপ্তি দৃশ্য নয়- এরপরে যুক্ত হয়েছে বিগত ৪৪ বছরে বাংলাদেশের যুদ্ধোত্তর সেই ঘাতক দালালদের বৃত্তান্ত ও একজন মুক্তিযোদ্ধা নারীর উপলব্ধি যা দর্শকদের বর্তমানের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশ্নবানে জর্জরিত করে।
সংক্ষেপে মোমেনা চৌধুরীর মঞ্চভ্রমণ : শিল্প-সংস্কৃতির অঙ্গনে মোমেনা চৌধুরী যাত্রা শুরু করেন আশির দশকের মাঝামাঝি সময়ে। শুরুর দলটি ছিল বগুড়ার বিখ্যাত দল ‘ইয়থকয়ার’। এরপর ১৯৮৬ সালে বগুড়া থিয়েটারে যোগ দিয়ে শুরু করেন মঞ্চ অভিনয়। পরবর্তীতে গাজীপুরে এসে তিনি ‘অবশিষ্ট মঞ্চায়ন পরিষদে’ যোগ দেন। ১৯৯১ সালে আরণ্যক নাট্যদলে কাজ শুরু করেন। গত ২৪ বছরে আরণ্যক নাট্যদলের হয়ে অনেক মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন। বর্তমানে আরণ্যক নাট্যদলে কাজ করার পাশাপাশি রিপার্টরি থিয়েটার ‘শুন্যন’ পরিচালনা করছেন এবং লাল জমিন নাটকে একক অভিনয় করছেন।
কেএইচ





