ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা খলিলের মরদেহ বিকেল ৩টা ২৫ মিনিটে বিএফডিসিতে নিয়ে আসা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আমজাদ হোসেন, ছটকু আহমেদ, চিত্রনায়ক উজ্জল, চিত্রনায়ক আলমগীর, কাজী হায়াৎ, ওমর সানী, মিশা সওদাগর, মনির খানসহ অনেকে। বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় খলিলের প্রথম জানাজা।

খলিলের ছেলে খালেদ সবার কাছে বাবার জন্য দোয়া চান। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় আগামী বুধবার বাদ আছর মোহাম্মদপুরে খলিলের কুলখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ দিকে মিশা সওদাগর জানান, পরিচালক সমিতি, প্রযোজক-পরিবেশক সমিতি এবং শিল্পী সমিতির পক্ষ থেকে আগামী শুক্রবার বাদ আছর বিএফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

তিনটি জানাজা হওয়ার কথা থাকলেও পরিবার থেকে জানানো হয় সময় স্বল্পতার কারণে এফডিসির পর বাদ আছর মোহাম্মদপুর নুরজাহান রোডে দ্বিতীয় জানাজা শেষে তাকে মোহাম্মদপুর কবরস্থানে সমাহিত করা হবে।

রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার সকাল ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ২ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি হন অভিনেতা খলিল। হাসপাতালের সিসিউ বিভাগে ডা. খালেদ মহসিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন  এই অভিনেতা।

জেআই