জনপ্রিয় অভিনেতা ফখরুল হাসান বৈরাগী গত ৭ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী রাজিয়া হাসান। এর আগে গতকাল বৈরাগীর ছেলে সামন্ত হাসান ইসা তার ফেসবুক পোস্টে জানান, অভিনেতা ফখরুল হাসান বৈরাগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ৭ আগস্ট তাকে কলেজে নামিয়ে দিয়ে তিনি আর বাসায় ফেরেননি।

বাবাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। ফখরুল হাসান বৈরাগীর খোঁজ পাওয়া গেলে তা জানানোর জন্য একটি ফোন নম্বরও দেন তার পোস্টে। kobiসেই নম্বরটিতে ফোন করা হলে রাজিয়া হাসান নামে একজন নারী ফোন ধরেন। তিনি নিজেকে ফখরুল হাসান বৈরাগীর স্ত্রী দাবি করে বলেন, গত ৭ আগস্ট থেকে বৈরাগী নিখোঁজ। প্রথমে ভেবেছিলাম কোনো বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে গিয়েছেন তিনি। কিন্তু খোঁজ নিয়ে দেখেছি কোথাও যাননি তিনি।

আমরা ঢাকা শহরের মোটামুটি সব জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করেছি কিন্তু তাকে পাইনি। পরে ৮ আগস্ট থানায় জিডি করেছি আমরা। পুলিশ এখনো কোনো তথ্য দিতে পারেনি— বলেন তিনি।

তবে কোন থানায় জিডি করা হয়েছে বা জিডি নম্বর সম্পর্কে জানতে চাইলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

রাজিয়া হাসান আরো বলেন, ‘আমাদের এক ছেলে আর এক মেয়ে। আমরা আগে সপরিবারে হাতিরপুলে শ্বশুরবাড়িতে থাকতাম। কিন্তু গেল নয় মাস ধরে আমরা আলাদা বাসা ভাড়া নিয়ে আছি। বৈরাগী নিখোঁজ হওয়ার পর আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম কিন্তু তাকে সেখানে পাইনি।’

‘বর্তমানে আমরা যে বাসায় ভাড়া আছি, নিরাপত্তাজনিত কারণে সে বাসার ঠিকানা প্রকাশ করতে চাই না। আমাদের একটাই চাওয়া, বৈরাগীকে কেউ খুঁজে পেলে আমাদের জানাবেন।’

এম এ