তারিনমেয়েটির নাম জলকন্যা। জলে নয়, বসবাস ডাঙাতেই। এই জলকন্যা মানুষের চোখ-মুখ দেখে দিব্যি বলে দিতে পারেন তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। বিশেষ ক্ষমতার এই জলকন্যার চরিত্রে অভিনয় করছেন তারিন।

নাটকটির নাম তোমার চোখে দুচোখ রেখে। সাত পর্বের এই ধারাবাহিক নাটক তৈরি হচ্ছে মাহফুজুর রহমান ও ইভা রহমানের সাতটি গানের কথা অবলম্বনে।

চরিত্রের নাম জলকন্যা কেন? জানতে চাইলে তারিন বলেন, ‘এই নামটি প্রতীকী। মেয়েটির মন জলের মতো স্বচ্ছ। সে সাধারণ মানুষের মতো নয়। চারপাশ দেখার তার যে ক্ষমতা, তা অনেক বিস্তৃত। বাস্তবেও কিন্তু পৃথিবীতে কিছু মানুষের মধ্যে এমন আধ্যাত্মিক ক্ষমতা দেখা যায়। চিত্রনাট্যটি পড়ে দেখলাম চরিত্রটি বেশ মজার। আগে কখনো এ ধরনের চরিত্রে কাজ করার অভিজ্ঞতা ছিল না।’

সাত পর্বের পুরো নাটকে তারিনকে দেখা যাবে কালোরঙা পোশাকে। পোশাকটির নকশা তিনি নিজেই করেছেন। তারিন বলেন, ‘জলকন্যা না জলের মেয়ে, না সাধারণের কাতারের। তাই আমার মতো করে ভেবেই পোশাক নির্বাচন করেছি।’

পরিচালক বি ইউ শুভ জানিয়েছেন, নাটকটির শুটিং গতকাল থেকে নেপালে শুরু হয়েছে। এতে আরও অভিনয় করছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, আরফান, হিল্লোন, নওশীন, নাজিরা মৌ, নাদিয়া খানম, নেহা প্রমুখ। এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু।

এমআর