নার্গিস ফাখরির যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে গুজবের অন্ত ছিল না। বলা হচ্ছিল একেবারে বলিউড ছেড়েছেন তিনি। নানা কাণ্ডের পর দুই মাসের বেশি সময় পার করে ভারত ফিরলেন এ অভিনেত্রী, তাও আবার মুখ ঢেকে।
এনডিটিভি জানায়, শুক্রবার রাতে গ্রিস থেকে মুম্বাই বিমানবন্দরে পা রাখেন নার্গিস। ওই সময় তার মুখ ঢাকা ছিল। তবে কেন এই কাণ্ড জানা যায়নি।

‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া এ অভিনেত্রী হুট করেই মে মাসে ভারত ছাড়েন। ওই সময় কথা দিয়েও দুটি সিনেমার প্রচারণা থেকে সরে আসেন।

গুজব ওঠে প্রেমিক উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের অবনতিতে পাকাপাকিভাবে বলিউড ছেড়েছেন নার্গিস। যদিও এর কয়েকদিন আগে ‘ধুম’ অভিনেতা জানান, তারা এখনো ভালো বন্ধু।

বলিউড ছাড়ার গুজবের কয়েকদিন পর মুখ খুলেন নার্গিস। জানান, নতুন দুটি প্রজেক্টের কারণে যুক্তরাষ্ট্র রয়েছেন তিনি। কাজ শেষ হলেই ফিরবেন। আপাতত বলউড ছাড়ার পরিকল্পনা নেই তার। এরপর গ্রিসে ছুটি কাটিয়ে ৫ আগস্ট ভারত ফেরেন।

২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে নার্গিসের পরের সিনেমা ‘বাঞ্জো’। এ সিনেমায় তার বিপরীতে আছেন রিতেশ দেশমুখ। নার্গিসকে সর্বশেষ দেখা যায় ‘ঢিসুম’-এ।

এসএ/টাইম